ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকাকালে, শুধুমাত্র স্পেনে টানা ১৬ দিন চলা ভয়াবহ তাপপ্রবাহে ১ হাজার ১০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংস্থার ধারণা, এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে।
বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা। গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo), যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে বর্তমান মৃত্যুর তথ্য তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ নির্ধারণে সহায়তা করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর তথ্যও যুক্ত করা হয়েছে।
যদিও MoMo সরাসরি উচ্চ তাপমাত্রাকেই মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করেনি, এটি এমন অতিরিক্ত মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান প্রদান করে, যেখানে তাপপ্রবাহ প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।
এর আগে জুলাই মাসে একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১ হাজার ০৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, আরও তীব্র এবং ঘনঘন ঘটতে প্ররোচিত করছে।