মেক্সিকোর সড়কে পাওয়া গেল ছয়টি কাটা মাথা

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি সড়ক থেকে ছয়টি কাটা মানবমাথা উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ঘটনাস্থলটি সাধারণত মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২০ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সড়কে মাথাগুলো পাওয়া যায়। পুলিশ এখনও হত্যার কারণ বা কোনো অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করেনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উদ্দেশে হুমকি লেখা ছিল। বার্তাটি লা বারেদোরা (দ্য সুইপার) নামে স্বাক্ষরিত। পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এ নামে একটি ছোট অপরাধী গোষ্ঠী সক্রিয়, তবে এ হামলার সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নয়।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলে মাদক চোরাচালানের পাশাপাশি হুয়াচিকোল বা জ্বালানি চোরাচালানও বড় সমস্যা। এ ধরনের অবৈধ কার্যক্রমের মাধ্যমে প্রতির প্রতি বছর অপরাধী গোষ্ঠীগুলো বিলিয়ন ডলার আয় করে।

ফেডারেল কর্তৃপক্ষ এখনও এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন দেশজুড়ে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে।

পুয়েবলা ও ত্লাক্সকালা সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের মতো ভয়াবহ কার্টেল সহিংসতার শিকার নয়। এর আগে জুন মাসে সিনালোয়া প্রদেশে ২০ জনের মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে চারজনের মাথা কাটা ছিল। ওই প্রদেশ দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় ভুগছে।

এছাড়া, গত মে মাসে গুয়ানাহুয়াতো প্রদেশে একটি ক্যাথলিক উৎসবে গুলি চালিয়ে সাত তরুণকে হত্যা করা হয়।

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে মাদকচক্রগুলোর সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে সরকার গ্যাং দমনে সেনা মোতায়েনের পর থেকে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত ও লাখো মানুষ নিখোঁজ রয়েছে।