লিভারপুলের তারকা মোহামেদ সালাহ রচনা করলেন নতুন ইতিহাস। রেকর্ড তৃতীয়বারের মতো ‘পিএফএ মেনস প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড। এর আগে তিনি ২০১৮ ও ২০২২ সালে এই সম্মাননা জিতেছিলেন।
৩৩ বছর বয়সী সালাহ গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পথে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেন। এবার তিনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোল পামার, ব্রুনো ফার্নান্দেজ, ডেক্লান রাইস ও আলেকজান্ডার আইজাককে পেছনে ফেলে ব্যক্তিগত এই পুরস্কার জিতলেন।
ম্যানচেস্টারে এক জাঁকজমক অনুষ্ঠানে পুরস্কার হাতে নিয়ে আবেগঘন সালাহ বলেন, ‘অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হতে চেয়েছিলাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম। তবে তখন এত বড় কিছু নিয়ে ভাবা যায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং স্বপ্ন ও লক্ষ্যও বড় হতে থাকে।’
এদিকে তরুণদের মধ্যে সেরা হয়েছেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। উনাই এমেরির অধীনে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে করেছেন ১৪ গোল। স্বপ্নপূরণের পথে এগিয়ে চলা রজার্স বলেন, ‘গেরার্ড, রুনি, বেল, বেকহ্যামরা এই পুরস্কার জিতেছেন। একদিন আমাকেও যেন তেমনভাবে মানুষ মনে রাখে, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’
নারী বিভাগে সাফল্যের দেখা পেয়েছে আর্সেনাল। দলের মিডফিল্ডার মারিওনা কালদেন্তে হয়েছেন ‘পিএফএ উইমেনস প্লেয়ার অব দ্য ইয়ার’, আর রেকর্ড সাইনিং অলিভিয়া স্মিথ জিতেছেন ‘উইমেনস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার’। এছাড়া ‘পিএফএ চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন বার্নালির জেমস ট্রাফোর্ড।