এমন দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারকে বাদ দেওয়া অসম্ভব: গাভাস্কার

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম

এশিয়া কাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত, যার নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব এবং তার ডেপুটি হিসেবে আছেন শুবমান গিল। ভারতের নবীন টেস্ট অধিনায়ক গিলকে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করাকে ভবিষ্যৎ নেতৃত্বের সোপান হিসেবে দেখছেন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ব্যাটার মনে করেন, গিলের বর্তমান ফর্ম ও নেতৃত্বগুণই তাকে একদিন তিন ফরম্যাটের নেতৃত্বে আনবে।

২৫ বছর বয়সী গিল প্রায় এক বছরের বিরতির পর ফিরলেন টি–টোয়েন্টিতে। তাকে নিয়ে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সে কয়েক সপ্তাহ আগে ৭৫০-এর বেশি (ইংল্যান্ড সিরিজে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান) রান করেছে। এমন ফর্মে থাকা একজন খেলোয়াড়কে বাদ দেওয়া সম্ভব নয়। তাকে সহ-অধিনায়ক করা মানে ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার ইঙ্গিত। আমার মনে হয় এটা দুর্দান্ত সিদ্ধান্ত।’

শুবমানকে জায়গা দিতে সহ-অধিনায়কের পদ ছাড়তে হয়েছে অক্ষর প্যাটেলকে। এশিয়া কাপের দলে তার আগমন নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে বলে মনে করছেন অনেক। কারণ, সাম্প্রতিক সময়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক ভার্মাও নজর কেড়েছেন। গাভাস্কার মনে করেন, গত বছর জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিয়ে যেমন মুগ্ধ করেছিলেন গিল, তেমনি ইংল্যান্ডে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে চাপ সামলানোর ক্ষমতাও প্রমাণ করেছেন।

ভারতের এশিয়া কাপের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং।

স্ট্যান্ডবাই: প্রসিদ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত