সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের মামলা জাহাঙ্গীরের বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান, সোমবার বিকেলে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে। মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি তহবিল কৌশলে বিদেশে পাচার করেছেন।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৭ জুন থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনসহ বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিল প্রস্তুত, মাস্টাররোল কর্মী নিয়োগ, ভুয়া সভা, অনুদান, আপ্যায়ন, ইজারা খাতসহ নানা ক্ষেত্রে কাজ না করেও বিপুল অর্থ আত্মসাত করা হয়েছে। এসব অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব খাত থেকে তুলে বিদেশে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, সাবেক মেয়র ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি টাকা, টেন্ডার বাবদ ১২৮ কোটি টাকা, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ৯ কোটি টাকা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২ কোটি টাকা, উন্নয়ন তহবিল থেকে রাজস্ব তহবিলে স্থানান্তরের নামে ৯৯৯ কোটি টাকা, রাস্তা প্রশস্তকরণের নামে ৭২ কোটি টাকা এবং মাস্টাররোল ও করোনা খাতসহ ভুয়া বিলের মাধ্যমে শতাধিক কোটি টাকা আত্মসাত করেছেন। এছাড়া হাটবাজার ইজারা ও ট্রাফিক নিয়োগ খাতেও বিপুল অনিয়মের তথ্য পাওয়া গেছে।

এজাহারে আরও বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ি শাখায় ভুয়া হিসাব খুলে ২.৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেও চেকের মাধ্যমে ১৩ কোটি টাকা তোলা হয়েছে এবং মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেখিয়ে আরও কয়েক কোটি টাকা আত্মসাতের তথ্য রয়েছে। এসব অর্থও বিদেশে পাচার করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, কমিশনের নির্দেশে তদন্ত করে অপরাধ-সংশ্লিষ্ট সব প্রমাণ যাচাই করে এজাহার তৈরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ২৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত কোটি টাকার কাজ দেখিয়ে ভুয়া বিল উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে।