মির্জা ফখরুলের খোঁজ নিতে হাসপাতালে যাবেন জামায়াতের শীর্ষ নেতারা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল তাঁকে দেখতে হাসপাতালে যাবেন। এ সময় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

জানা গেছে, চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) থাইল্যান্ড থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। দেশে ফেরার দিন তিনি প্রথমে বাসায় যান এবং পরে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। রাত ১১টা পর্যন্ত বৈঠক চলার পর বাসায় ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন।

এরপর ওইদিন রাত ১টার দিকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহাসচিবের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর নিবিড় নজরদারি করছেন। সবাই দোয়া করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত