নেত্রকোনার কেন্দুয়ায় নুরুজ্জামান (৩৮) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলার আদমপুর-দুল্লি সড়কের ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুরুজ্জামান উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগলচাঁন মিয়ার ছেলে। তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
তবে কেন কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জানা যায়, বুধবার সকালে কেন্দুয়া আদমপুর মেইন সড়কের পাশে রক্ত পড়ে থাকা দেখে রক্তের সূত্রপাত খুঁজতে গিয়ে দুল্লি ব্রিজের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করেছি। এবং পিবিআই, সিআইডি টিমকে জানালে তারাও ঘটনাস্থলে নানা আলামত সংগ্রহ করেছে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকেই সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।