লক্ষ্মীপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আটক ২

লক্ষ্মীপুরে পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টেটিউট কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান প্রিয়র অনুসারী ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন সাধারন শিক্ষার্থী আবদুল মান্নানের ওপর হামলা ও মারধর করে। এরপর সাধারন শিক্ষার্থীরা তাদের দুইজনকে ধাওয়া করলে পালিয়ে যায় তারা। বুধবার ফারদিন হাসান ও জুনাইদ হোসেন কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।

এ খবর পেয়ে সাধারনশিক্ষার্থী, ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান প্রিয়সহ অন্যরা হাসিনার পতনের পর কলেজ ক্যাম্পাস থেকে আত্নগোপনে চলে যায়।

ইতিমধ্যে ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেনসহ ছাত্রলীগের একটি অংশ কলেজ ক্যাম্পাসে জড়ো হওয়ার চেষ্টা করে।

পলিটেকনিকের ছাত্রদলের সভাপতি মো. শাহীন ও ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত ইসলাম আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এক সময় কলেজ ক্যাম্পাসে রাজত্ব কায়েম করছিল। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট ছিল শিবির-ছাত্রদলসহ সাধারন শিক্ষার্থীরা। ছাত্রলীগের কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন সাধারন শিক্ষার্থী আবদুল মান্নানের ওপর হামলা করে। পাশাপাশি নানা অজুহাতে কলেজ ক্যাম্পাসে বিশৃংখলার চেষ্টা করে। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জুনাইদ ও ফারদিনকে গনধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ঠাঁই হবেনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, সাধারন শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।