ভোলাগঞ্জে পাথর লুট: তদন্ত প্রতিবেদনে ১৩৭ জনের নাম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটপাটের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে লুটপাটে জড়িত ১৩৭ জনের তালিকা সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কাছে এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে গণমাধ্যমসহ একাধিক মাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ব্যক্তির একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় ১৩৭ জনের নাম রয়েছে বলে সূত্র জানিয়েছে। এদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রতিবেদনে কারা-কিভাবে পাথর লুট করে এবং পরিবেশ বিনষ্ট করে; সে বিষয়ে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১০টি সুপারিশ করা হয়েছে। কমিটির প্রধান পদ্মাসন সিংহ জানিয়েছেন, প্রতিবেদনে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। সেটা জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।

এদিকে বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী জানিয়েছেন, পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।