ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয় দিয়েই শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। চ্যাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারায় অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে ছন্দে ফেরে কোচ মাহবুবুর রহমান লিটুর দল। দিনের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারায় ভারত।
ম্যাচের শুরুতে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। এরপর ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭ মিনিট) ডেডলক ভাঙ্গেন সুরভী আকন্দ প্রীতি। আলপি আক্তারের উচু করে বাড়ানো বল পেয়ে যান সুরভি। গোলরক্ষক এবং ভুটানের দুই ফুটবলার এগিয়ে আসলেও জটলার মধ্য থেকে হেডে বল জালে জড়ান প্রীতি। বিরতির পর ৫৪ মিনিটে বুলেট গতির শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফাতেমা আক্তারের ডিফেন্সচেড়া পাস থেকে বল নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন আলপি।
৬১ মিনিটে গোল ব্যবধান কমায় ভুটান। বক্সের বাঁ প্রান্ত থেকে ভুটানের কুয়েনদেন সোনামের শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা। তবে বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে রিনজিন দেমা ছোদেন গোল করে ব্যবধান কমান। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন আলপি আক্তার। কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে আলতো টোকায় জালে জড়ান আলপি।