রাজবাড়ী সদর হাসপাতাল

রোগীর খাবারের তালিকায় রুই-কাতল, দেয় পাঙ্গাশ-মুরগি

রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের খাবারের তালিকায় রুই-কাতল মাছের নাম থাকলেও  তাদের দেওয়া হয় পাঙ্গাশ ও ব্রয়লার মুরগি। বুধবার (২০ আগস্ট) সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক সমন্বতি জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ।

মো. মুস্তাফিজ বলেন, আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের নির্দেশনায় এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করেছি। অভিযানে শুধুমাত্র গাইনী ওয়ার্ডে ২৬৬ পিস মন্টিলুকাস্ট ওষুধের ঘাটতি পাওয়া গেছে। এছাড়া হাসপাতালে সপ্তাহে খাবারের তালিকায় খাসির মাংস, রুই মাছ ও কাতল মাছ থাকলেই রোগীদের শুধুমাত্র পাঙ্গাশ ও রুই মাছ প্রদান করা হয়। আমরা এমএসআর ক্রয় সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছি। এগুলো আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রদান করবো। পরবর্তীতে তারা এই বিষয়ে পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুররে উপসহকারী পরিচালক কামরুল হাসান, সহকারী পরিদর্শক মো. শামীম।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুদকের একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করে। তবে তারা হাসপাতালের তেমন কোন অনিয়ম দেখাতে পারেনি। সপ্তাহে তিন দিন মাছ আর তিনদিন মাংস দেওয়া কথা সেটা চলমান রয়েছে।