শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপির নেতার মতবিনিময়

মাদারীপুর জেলার শিবচরে বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নিজ বাড়ি উপজেলার শিরুয়াইল ইউনিয়ন উতরাইল এলাকায় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বন্যার্ঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। ফলে  সাংগঠনিকভাবে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় রয়েছি। সাবেক নেতৃত্ব তিনটি গ্রুপে বিভক্ত হয়ে আলাদাভাবে মনোনয়ন প্রত্যাশা করছে ও প্রচারণা চালাচ্ছে। এতে করে দলীয় অন্তর্দ্বন্দ্ব ক্রমেই বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা জরুরি। দল যাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বিএনপি উপজেলায় একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে।

এছাড়াও আবু জাফর চৌধুরী আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে মাদারীপুর ১ আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।