বালকদের কাছে হেরে গেলেন জ্যোতিরা

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ দুভাগে বিভক্ত হয়ে গড়েছে দুটো দল। আর সেই সঙ্গে যোগ দিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। গতকাল বালকদের এই দলের কাছে ৮৭ রানে হেরে গেছে নারী ‘লাল’ দল। এদিন তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রানে পুঁজি দাঁড় করায় ছেলেরা। সর্বোচ্চ ৪৬ রান করেন বায়েজিদ বোস্তামি। আফজাল হোসেন করেন ৪৪ রান।

জবাবে ইশমা তানজিম ও শারমিন সুলতানা মিলে উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলার পর ১০ বলের ব্যবধানে তিন উইকেট হারান নারীরা। শূন্য রানে ফেরেন জ্যোতি। সেই চাপ আর কাটাতে পারেননি জাতীয় দলের নারীরা। গুটিয়ে যান মাত্র ৯৪ রানেই। আলিমুল ইসলাম আদিব মাত্র ১২ রানে নেন ৩ উইকেট।