সুয়ারেজের জোড়া গোল; মেসিকে ছাড়াই সেমিফাইনালে মায়ামি

নাটকীয় ম্যাচে মেক্সিকান জায়ান্ট টিগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়ে ২০২৫ লিগস কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বুধবার রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অরল্যান্ডো সিটি ও টোলুকার মধ্যকার ম্যাচের বিজয়ী দল হবে তাদের সেমির প্রতিপক্ষ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ছিলেন না পেশির চোটে আক্রান্ত মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। তবে তার অনুপস্থিতিতে জয় ছিনিয়ে নিতে ভুল করেনি গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে এগিয়ে যায় মায়ামি। টিগ্রেস ডিফেন্ডার হাভিয়ের অ্যাকুইনোর হাত ছোঁয়া বলের সিদ্ধান্তে রেফারির বাঁশি বাজলে নির্ভুল শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের মাঝপথে সতীর্থ টেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান ডিফেন্ডার জর্দি আলবা। প্রথমার্ধের শেষ পর্যন্ত খেললেও বিরতির পর আর নামতে পারেননি তিনি। এছাড়া বড় অঘটন ঘটে বিরতির আগেই। কোচ হাভিয়ের মাসচেরানো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। তাকে বেশ কয়েকবার খেলোয়াড়দের নির্দেশনা দিতে দেখা যায়, এমনকি ফোনে সহকারী কোচের সঙ্গে যোগাযোগও করেন। ফলে আগামী সেমিফাইনালে তাকে ডাগআউটে পাওয়া যাবে না।

দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে যায় টিগ্রেস। ৬৭তম মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া সমতায় ফেরান দলকে। তবে শেষ দিকে আবারও পেনাল্টি উপহার পায় মায়ামি। ৮৯তম মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। শেষ মুহূর্তে টিগ্রেসের এডগার লোপেজের হেড পোস্টে লেগে ফিরে আসায় বেঁচে যায় মায়ামি এবং নিশ্চিত হয় তাদের সেমিফাইনাল।