১৫ বছরের ছেলেদের কাছে হারের পর ট্রোলিং; ক্ষুব্ধ রুমানার প্রতিবাদ

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবে মেয়েদের ‘লাল দল’ জাতীয় পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলছে। গতকাল বুধবার প্রথম ম্যাচটি মেয়েরা হেরে যায় ৮৭ রানের বড় ব্যবধানে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের নিয়ে চলছে ঠাট্টা-তামাশা, যা পছন্দ হয়নি অভিজ্ঞ অল-রাউন্ডার রুমানা আহমেদের। তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রুমানা লিখেন, ‘নারী লাল দলের হারের পর কিছু কথা। আজকের (গতকালের) ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি – হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল!’রুমানা আহমেদের ফেসবুক পোস্ট।

তিনি লিখেন, ‘তাদের (সমালোচক) কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনো নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থা – এসব নিয়ে একদিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিলো কয়েকদিন আগে।’

রুমানা শেষে লিখেছেন, ‘এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’