দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গত সপ্তাহে বাগদান হয়ে গেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার তাদের এই বাগদান ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। স্প্যানিশ জুয়েলারি বিশেষজ্ঞের দাবি, আল-নাসরের তারকা ফুটবলারের প্রস্তাবের জন্য দেওয়া আংটিটি আসলে প্রচলিত অর্থে এনগেজমেন্ট রিং নয়, বরং ককটেল রিং!
বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে সামাজিক মাধ্যমে জর্জিনা পোস্ট করেছিলেন বড় আকারের একটি আংটির ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ তারপর থেকেই রোনালদোর বাগদানের এই আংটির দাম, আংটিতে বসানো রত্নটি কোন পাথর—এসব নিয়ে শুরু হয় আলোচনা। <কিন্তু জুয়েলারি বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ মনে করেন, এই আংটি বাগদানের প্রতীক হিসেবে যথাযথ নয়।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেলো স্পোর্ট’কে তিনি বলেন, ‘এটি আসলে এনগেজমেন্ট রিংয়ের মানদণ্ড পূরণ করে না। পাথরটি অত্যন্ত বড় এবং ভারী— প্রায় ৪০ ক্যারেট। এ ধরনের পাথর সাধারণত নেকলেসের জন্য উপযুক্ত, আংটির জন্য নয়। আঙুল নড়াচড়া করতে অসুবিধা হয়। সেটিং নিখুঁত হলেও বাকি দিক থেকে এটি ত্রুটিপূর্ণ। এটি দৈনন্দিন ভালোবাসার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে দৈনন্দিন ব্যবহারের জন্য নয়।’
তিনি আরও যোগ করেন, ‘এটি দৈনন্দিন ব্যবহারের জন্য ভালোবাসার প্রতীক নয়। এমন রিং বিশেষ অনুষ্ঠানে দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি হয়, প্রতিদিনের জন্য নয়। আসল এনগেজমেন্ট রিং হওয়া উচিত হলুদ বা সাদা স্বর্ণের, হালকা ও আরামদায়ক, যাতে প্রতিদিন পরিধান করা যায়, যা প্রেম এবং বিশ্বস্ততার প্রতীক। মূলত এই আংটিটি একটি গালা বা ককটেল রিংয়ের মতো, যা বিশেষ অনুষ্ঠানে মনোযোগ আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে।’
২০১৬ সালে জর্জিনার সঙ্গে প্রেমের শুরু হয়েছিল রোনালদোর। তারা ইতোমধ্যেই তিন সন্তানের বাবা-মা হয়েছেন। তাই এবার বিয়েটা করে নেওয়াটাই উপযুক্ত মনে করছেন সিআর সেভেন। ব্যক্তিগত জীবন সামলে রোনালদো এখন সৌদি সুপার কাপের ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে আল-নাসর মুখোমুখি হবে আল-কাদিসিয়া বা আল-আহলির।