স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেটের মাইলফলক ছুঁতে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে সাকিব আল হাসানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিনি সেভাবে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন না। পরপর তিন ম্যাচে সাকিবকে দিয়ে মাত্র এক ওভার করে বোলিং করিয়েছেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস অধিনায়ক ইমাদ ওয়াসিম। ফলে দীর্ঘ হচ্ছে তার ৫০০ উইকেটের অপেক্ষা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে এক উইকেট শিকার করেন সাকিব। সেই সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৪৯৯-এ। অর্থাৎ, আর একটি উইকেট পেলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের অনন্য কীর্তি গড়বেন তিনি।
আগে ব্যাটিংয়ে নেমে ফাবিয়ান অ্যালেনের ২০ বলে ৪৫ আর ইমাদ ওয়াসিমের ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে অ্যান্টিগা এন্ড বারবুডা তোলে ৬ উইকেটে ১৬৭ রান। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগোর ইনিংস। ৮ রানে জয় পায় সাকিবদের দল। ম্যাচে ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে ১৩ বলে মাত্র ৭ রান করেন সাকিব। তবে ষষ্ঠ বোলার হিসেবে ইনিংসের ১৩তম ওভারে ফিরিয়ে দেন ড্যারেন ব্রাভোকে। খরচ করেন মাত্র ২ রান।
এরপর আর সাকিবকে বোলিংয়ে আনেননি অ্যান্টিগা অধিনায়ক। ৪ ম্যাচে ২ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সাকিবের অ্যান্টিগা।
সুয়ারেজের জোড়া গোল; মেসিকে ছাড়াই সেমিফাইনালে মায়ামি
ওয়াসিম আকরামের বিরুদ্ধে জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ