নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে একই পরিবারে দুই ভাইয়ের দুটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকমাহাপুর এলাকায় জাহাঙ্গীর (২৬) ও আকরাম (৪৫) এর বাড়িতে এ চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটে। জাহাঙ্গীর ও আকরাম দুই ভাই ওই এলাকার রহমান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত তারা দুই ভাই নিজ বাড়িতে ভ্যান তালাবন্ধ করে ঘুমাতে যান। রাত ৩টার দিকে জাহাঙ্গীরের ঘুম ভাঙলে দেখেন তার ভ্যানের তালা খুলে বাড়ির বেড়া ভেঙ্গে ভ্যান চুরি করে নিয়ে গেছে।
ওই এলাকার এক শিক্ষক আশরাফ আলী জানান, তাদের বাড়ি থেকে দেড় বছর আগেও একবার ভ্যান চুরি হয়েছিল। ওই ওয়ার্ডের মেম্বার আলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।