নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে পদাবনতি দিয়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে বদলির আদেশ দিয়েছে কৃষি বিভাগ। খুলনার ডুমুরিয়ায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন।
এর আগে গত ১৯ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অফিস আদেশে চার উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়। আদেশে বলা হয় আগামী ২৭ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় পরদিন আগামী ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।
