“রায় খালাস হলে দেশে ফিরবেন তারেক রহমান”- আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “তারেক রহমানের নামে একটি স্পর্শকাতর মামলার শুনানি চলছে। এই মামলায় যদি তিনি খালাস পান, তাহলে সমস্ত মামলা থেকে তিনি মুক্ত হবেন। এর পরপরই দেশে ফিরবেন-এমনটাই আমাদের ধারণা।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে আলাল বলেন, “বরিশালের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা আমি জানি। এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানেই কাজ করতে চাই।”

তিনি আরও দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। পাশাপাশি বরিশালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে তিনি গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও জন্মভিটা বরিশালের টান উল্লেখ করে আলাল বলেন, “পাখি যেমন সন্ধ্যায় নীড়ে ফিরবেই, তেমনি আমিও বারবার ফিরে আসি বরিশালে। আগামী নির্বাচনে দল ও বরিশালের মানুষ চাইলে আমি সদর আসনে প্রার্থী হতে চাই।”

দলের ভেতর অনিয়ম ও সমালোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও কাউকে ছাড় দেওয়া হয়নি। সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিচ্ছিন্ন ঘটনাগুলো দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার সুযোগ নেই।’’ 

এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সাংবাদিক নাছিম উল আলম, আমজাদ হোসেন, হুমায়ুন কবীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।