ভারত-পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ক্রীড়া আয়োজন হবে না—এমন অবস্থান স্পষ্ট করেছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। তবে আসন্ন এশিয়া কাপের মতো বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশ নিতে ভারতীয় দলকে বাধা দেওয়া হবে না।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সঙ্গে ক্রীড়া ইভেন্টে ভারতের অবস্থান সামগ্রিক নীতিরই অংশ। এতে বলা হয়, “দ্বিপাক্ষিক ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে যাবে না এবং পাকিস্তানি দলকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।”
তবে বহুপাক্ষিক প্রতিযোগিতা এর বাইরে। মন্ত্রণালয়ের এক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানায়, “এশিয়া কাপ বহুপাক্ষিক ইভেন্ট। তাই ভারতীয় ক্রিকেট দলকে খেলতে বাধা দেওয়া হবে না।”
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এর পেছনে কারণ জম্মু-কাশ্মীরের পেহেলগামে এপ্রিলের ২২ তারিখে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা, যেখানে ২৬ জন পর্যটক নিহত হয়। এর জবাবে ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিনদুর’, যার মাধ্যমে নিয়ন্ত্রণরেখার ওপারে এবং পাকিস্তানের ভেতরে জঙ্গি অবকাঠামো ধ্বংস করা হয়। এরপর দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যায়।
ভারতীয় মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, “পাকিস্তানকে আমরা দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য ভারতে ঢুকতে দেব না। তবে বহুপাক্ষিক আসরে অংশ নিতে হলে অলিম্পিক চার্টার অনুযায়ী আমরা খেলব।”
তবে প্রশ্ন উঠেছে, বহুপাক্ষিক আসর যদি পাকিস্তানে হয়, তাহলে ভারত যাবে কি না? এ বিষয়ে মন্ত্রণালয়ের সূত্রের উত্তর, “সে ক্ষেত্রে আলাদাভাবে পরিস্থিতি বিবেচনা করা হবে। আমাদের অ্যাথলেটদের বিপদে ফেলার কোনো প্রশ্নই ওঠে না। পাকিস্তান নিজের দেশকে ডাম্পস্টার বলতে দ্বিধা করে না, আর ভারতকে আঘাত করার হুমকিও দেয়। তাই সবকিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আবু আলির কারণে মেসিদের লিগে উড়বে ফিলিস্তিনি পতাকা