আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল ও বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে সম্প্রতি মোনাকোর দ্য মেবর্ন রিভিয়েরা হোটেল-এ একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দু’জনের প্রেমের গুঞ্জন। একই রকম ব্যাকগ্রাউন্ড, হোটেল রুমের সাজসজ্জা এবং এমনকি গলায় ঝোলানো একই নেকলেস—সবকিছু মিলিয়ে ভক্তরা ধরে নিয়েছেন, সম্পর্কটা নিছক গুঞ্জন নয়।
স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস মার্তিনেজ জানিয়েছেন, ইয়ামাল নিজেই হোটেলে ডিনার টেবিলের ছবি শেয়ার করেছিলেন, যা থেকে রোমান্টিক গেটওয়ের ইঙ্গিত মেলে। তার ব্যাখ্যা, “খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, ইয়ামালই আমাদের দেখালেন তারা একসঙ্গে মোনাকোতে সময় কাটাচ্ছেন।” নিকি নিকোলের শেয়ার করা ভিডিওতেও দেখা গেছে হোটেলের একটি বিশেষ পেইন্টিং ও বাদামি রঙের হেডবোর্ড, যা ইয়ামালের ছবির সঙ্গে মিলে গেছে।
শুধু হোটেল নয়, একাধিক সূত্র জানাচ্ছে দু’জনকে মোনাকোর রাস্তায় পাশাপাশি হাঁটতেও দেখা গেছে। তাদের পেছন দিক থেকে তোলা ছবিগুলো ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইতে শুরু করে। ভক্তরা মন্তব্য করেছেন, “এরা এখনই সবচেয়ে আলোচিত জুটি।”
এর আগেও দু’জনকে একসঙ্গে দেখা গেছে। ইয়ামালের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন নিকি নিকোল। এরপর কাতালান ক্লাবের জোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচে বার্সেলোনার হয়ে ইয়ামাল যখন জোড়া গোল করেন, তখন গ্যালারিতে উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন এই আর্জেন্টাইন গায়িকা। সেদিনও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইয়ামালের মোবাইল ফোনের ওয়ালপেপার ছিল নিকি নিকোলের ছবি। ম্যাচ শেষে দু’জনকে একসঙ্গেই মাঠ ছাড়তে দেখা যায়।
সবশেষে, ইয়ামালের ব্যক্তিগত বিমানে চড়ে দু’জনের মোনাকো সফর যেন সম্পর্কটিকে নতুন মাত্রা দিয়েছে। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গেও নিকি নিকোলের সৌজন্য সাক্ষাৎ বিষয়টিকে আরও গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন অনেকে।
যদিও এখনো পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সামাজিক মাধ্যমে মিল পাওয়া ইঙ্গিত, যৌথ ভ্রমণ আর একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও-ছবি মিলিয়ে ভক্ত ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নিকি নিকোল ও লামিনে ইয়ামাল।