আবারও আন্দোলনে কুয়েট শিক্ষক ও শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ফের আন্দোলন করেছেন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করেন তারা।

ক্যাম্পসে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষক লঞ্ছণার বিচার নিয়ে প্রহসনের প্রতিবাদে এবং প্রতিশ্রুতি মোতাবেক দ্রুত শৃঙ্খলার প্রতিষ্ঠার দাবিতে বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, উপাচার্যকে তিন সপ্তাহ সময় দিয়ে ক্লাসে ফিরেছি। কিন্তু এখনও লাঞ্ছনায় জড়িত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ২৬ আগস্টের মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর হতে বাধ্য হব। এ ছাড়া আগামী ২৫ ও ২৬ আগস্ট একই কর্মসূচি পালন করা হবে।

এদিকে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পুনর্বাসনের বিরুদ্ধে মানববন্ধন ও ভিসির কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন, জিলানী, রাজিম, সিয়াম, মাসুম ও খাইরুল প্রমুখ।