খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় কুয়েটের দুর্বার বাংলা চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে সায়েমসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরতে চাই। এজন্য দ্রুত উপাচার্য প্রয়োজন। আমাদের পরীক্ষা গ্যাপ আছে। তারও দ্রুত নিরসন প্রয়োজন।
বিথি আক্তারসহ কয়েকজন অভিভাবক বলেন, একটা বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন থাকলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন। তাই দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, গত ফেব্রুয়ারি থেকেই কুয়েট অভিভাবকহীন। এখন আমরা নিরুপায়। দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলে মিলেই আমরা উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রফেসর ড. মো সভাপতি সাহিদুল ইসলাম বলেন, সকলেই ক্লাস চালুর পক্ষে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ক্লাস চালু করতে উপাচার্যের নির্দেশনা প্রয়োজন। এ কারণে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিতে হবে।
বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ড. মো. রফিকুল ইসলাম, ড. সুলতান মাহমুদ, অভিভাবক বিথি আক্তার, শিক্ষার্থী মো. সায়েম প্রমুখ।
এদিকে কুয়েট গার্ডিয়ান ফোরাম দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
