পঞ্চগড়

সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

অনুপ্রবেশের দায়ে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।

এ সময় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ১৭ মে তাদের মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নজির হোসেন বলেন, বিজিবি ৫ নারীকে থানায় হস্তান্তর করেছে। তবে ওই নারীদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায় এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।