চ্যাম্পিয়নস লিগে এবারও দর্শক বাংলাদেশ

বাংলাদেশ গেল তিন বছর নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা। এশিয়ান কাপে নাম লেখানোর মধ্য দিয়ে এখন তারা জায়গা করে নিয়েছে এশিয়ার সেরা ১২-তে। অথচ দ্বিতীয়বারের মতো হতে যাওয়া নারী চ্যাম্পিয়নস লিগে থাকছে না বাংলাদেশের প্রতিনিধিত্ব। প্রথমবারের মতো এবারও বাংলাদেশের ফুটবলারদের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে ভুটানের ক্লাবের মাধ্যমে। বাংলাদেশের পাঁচ ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজ দলের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে লাওস গেছেন।

গত বছর এএফসি আয়োজন করেছিল এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ ক্লাব টুর্নামেন্ট। সেবার এএফসির ডাকে সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার এই আসরে খেলার যোগ্যতা বাংলাদেশের কোনো ক্লাব পায়নি বাফুফের অবহেলায়। চ্যাম্পিয়নস লিগে খেলার পূর্বশর্ত হলো কমপক্ষে ১০ দল নিয়ে ঘরোয়া লিগ আয়োজন করতে হবে। তবেই লিগ চ্যাম্পিয়ন দল ক্লাব লাইসেন্সিং সাপেক্ষে সুযোগ পাবে মহাদেশীয় আসরে। গত বছর বাফুফে নামকাওয়াস্তে লিগ আয়োজন করেছিল ৯ দল নিয়ে। ফলে প্রাথমিক শর্তপূরণে ব্যর্থ হয় তারা। পরে এএফসিকে অনুরোধ করেও দেশের কোনো ক্লাবের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি বাফুফে।

গত আসরে রয়্যাল থিম্পু কলেজ দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চামকা ও মারিয়া মান্ডা। এবার অবশ্য অন্য পাঁচ বাংলাদেশিকে বেছে নিয়েছে। আগে থেকেই স্থানীয় লিগ খেলা সামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনের সঙ্গে যোগ দিয়েছেন বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রানী ও সাহেদা আক্তার রিপা। ডি গ্রুপে খেলবে রয়্যাল থিম্পু কলেজ। ২৫ আগস্ট শুরু হতে যাওয়া গ্রুপপর্বে আরও খেলবে উত্তর কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক লাওসের ক্লাব।