পায়ের পেশিতে ‘ছোট’ চোটের কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। গ্যালারিতে বসে দেখলেন কোচ হাভিয়ের মাশচেরানোর লাল কার্ড। তবে মেসির চিন্তা দূর করেছেন তার বন্ধু লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই ফরোয়ার্ডের জোড়া গোলে ইন্টার মায়ামি ২-১ গোলে টাইগ্রেস ইউএএনএলকে হারিয়ে উঠেছে সেমিফাইনালে। এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার লিগস কাপের শেষ চারে পা রাখল মায়ামি। ২০২৩ সালে মেসি যোগ দেওয়ার বছর মায়ামি এই প্রতিযোগিতায় শিরোপাও জিতেছিল।
গেল ২ আগস্ট লিগস কাপে গ্রুপপর্বে নেকাক্সার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মেসি। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত শনিবার এমএলএস-এ এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামেন মেসি। তবে সেই ম্যাচ শেষে মায়ামি কোচ মাশচেরানো বলেছিলেন, শতভাগ স্বস্তিনিয়ে মাঠ ছাড়তে পারেননি মেসি। এ ম্যাচের আগে অনুশীলন করেন মেসি, দলের সঙ্গে মাঠে এলেও খেলতে নামেননি। নিয়মিত অধিনায়ককে মাঠের বাইরে রেখে ঘরের মাঠে খেলতে নামা মায়ামির দুটি গোলই টাইগ্রেসের হাভিয়ের আকিনোর ভূমিকা আছে।
প্রথম গোলটা ম্যাচের ২৩ মিনিটে। নিজেদের বক্সে আকিনোর হান্ডবলে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। প্রথমার্ধে চোট পান জর্ডি আলবা। চোট নিয়েই খেলেন প্রথমার্ধ। পরে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। তবে দ্বিতীয়ার্ধ শুরুর আগেই আরেক ধাক্কা খায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পরিমাণ নিয়ে রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে লাল কার্ড দেখেন কোচ মাশচেরানো। পরে টিভি ক্যামেরায় ধরা পড়ে গ্যালারি থেকে ফোনে অন্য কোচিং স্টাফদের নির্দেশনা দিচ্ছে মায়ামি কোচ। এমনকি গ্যালারি থেকে চিৎকার করেও কথা বলতে দেখা গেছে তাকে। লিগের নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়া কোচ গ্যালারিতে থাকতে পারলেও কোনো নিদের্শনা দিতে পারবেন না বা খেলা প্রভাবিত করতে পারবেন না। ফলে মাশেচেরানোর বিপদ বাড়তে পারে আরও।
৬৭ মিনিটে দারুণ গোল করে টাইগ্রেসকে সমতায় ফেরান আনহেল কোররেয়া। বক্সের বাইরে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠান মেসির আর্জেন্টাইন সতীর্থ। আগে আতলেতিকো মাদ্রিদে একসঙ্গে মাঠ মাতাতেন ডি পল ও কোরেয়া। লিগস কাপের এ ম্যাচে তাদের আবার দেখা হলেও এবার তারা হলেন প্রতিপক্ষ। কোরেয়া গোল করলেও শেষ হাসি হেসেছেন ডি পলই। ৮৮ মিনিটে আবারও বক্সের মধ্যে বল হাতে লাগে আকিনোর। ভিডিও রিভিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৮৯ মিনিটে দলকে আবার এগিয়ে দেন সুয়ারেজ। ম্যাচের যোগকরা সময়ে টাইগ্রেসের ইভান লোপেজের হেড দুই গোলপোস্টে লাগে, কিন্তু ভেতরে ঢোকেনি।
সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। অরল্যান্ডো টাইব্রেকারে হারিয়েছে মেক্সিকোর তলুসাকে। অরল্যান্ডোর বিপক্ষে মেজর লিগ সকারে এবার দুটি ম্যাচেই হেরেছে মায়ামি, গোল হজম করেছে ৭টি। তাই সেমিতে বড় পরীক্ষাই দিতে হবে মেসিদের। আরেক সেমিতে মুখোমুখি হবে মেজর লিগ সকারেরই দুই ক্লাব সিয়াটল সাউন্ডার্স ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। দুই সেমিফাইনাল ম্যাচ হবে ২৭ আগস্ট।