মাওলানা ভাসানী সেতু

উদ্বোধনের পরেই বৈদ্যুতিক লাইনের ৩০০ মিটার ক্যাবল চুরি, জনদুর্ভোগ

গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদ্য উদ্বোধন হওয়া মাওলানা ভাসানী সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরি গেছে। দুষ্কৃতকারীরা সেতুর প্রায় ৩০০ মিটার আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক তার চুরি করায় পুরো সেতু এলাকা অন্ধকারে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায়, যখন সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে না। পরে অনুসন্ধানে জানা যায়, সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র।

রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন। 

তিনি জানান, ক্যাবল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি এখনো অন্ধকারে রয়েছে।

গত ২০ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিটে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

উদ্বোধনের পর সেতু উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য।

তবে উদ্বোধনের পরদিনই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে কেউ লিখেছেন, “দুঃখিত, আমরা সামান্য ক্যাবলের লোভ সামলাতে পারলাম না।” কেউ বলছেন, “কিছুদিন পর হয়তো ব্রিজ ভেঙে রডও চুরি করবে!”