ভারতে নজরুলকে নিয়ে প্রথম এআই গান

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে তুলে ধরলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মেখলা দাশগুপ্ত। প্রযুক্তি এবং কবিতার মিলনে তৈরি হয়েছে অভিনব এক উপহার নজরুলকে নিয়ে প্রথম এআই গান ‘ভারতবর্ষে’। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গানটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। শুধু সুর বা গাইয়া নয়, নজরুলের সৃষ্টির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গানটির সঙ্গীত ও উপাদানগুলো এআই-এর মাধ্যমে নির্মাণ করা হয়েছে। 

গত ১৮ আগস্ট মুক্তি পাওয়া এই গানের প্রতি ওপার বাংলার সংগীতাঙ্গনে তীব্র আগ্রহ দেখা দিয়েছে। গায়িকা জানিয়েছেন, গান তৈরির সময়ে নজরুলের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের ভারতের ঐতিহ্যের সঙ্গে নতুন করে মিলিয়ে দেয়।

মেখলা দাশগুপ্ত বলেন, “এই গানে কবির সৃষ্টির সঙ্গে প্রযুক্তির মিশ্রণ ঘটানো হয়েছে, যার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুনভাবে ধরা দেয়। এক গানের মধ্যে তাকে সম্পূর্ণভাবে ধারণ করা সম্ভব নয়, তবে শ্রদ্ধার সঙ্গে নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলাই ছিল লক্ষ্য।” 

সংগীত বিশেষজ্ঞরা বলছেন, একুশ শতকের প্রযুক্তি এবং বিংশ শতকের বিদ্রোহী কবির সৃষ্টির সংমিশ্রণ দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। নজরুলের অগ্নিগর্ভ কবিতা ও এআই-এর সৃজনশীল ছোঁয়া মিলে গড়ে তুলেছে এক অভিনব সংগীতভুবন, যা নতুন প্রজন্মের কানে পৌঁছে দিচ্ছে বিদ্রোহী কবির গর্জন, তবে একেবারেই নতুন আঙ্গিকে।