রোনালদোর তারুণ্যের রহস্য: প্লাস্টিক সার্জারির ইঙ্গিত বিশেষজ্ঞের

চলতি বয়স ৪০ হলেও পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারায় বয়সের ছাপ খুঁজে পাওয়া কঠিন। তার শারীরিক ফিটনেস ও চেহারার তারুণ্য দেখে অনেকেই অবাক হন—এত বয়সেও কীভাবে এমন চেহারা ধরে রেখেছেন তিনি?

এই নিয়েই সম্প্রতি একটি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত প্লাস্টিক সার্জন ড. ইলি লেভিন। 

যদিও তিনি রোনালদোর চিকিৎসক নন, তবে দীর্ঘ সময় ধরে ছবি পর্যবেক্ষণ করে তার ধারণা, রোনালদো নাকি কিছু প্রসাধনমূলক সার্জারির মাধ্যমে নিজের চেহারায় তারুণ্য ধরে রেখেছেন।

ড. লেভিনের মতে, রোনালদো সম্ভবত ‘রাইনোপ্লাস্টি’ করিয়েছেন—যার মাধ্যমে নাকের গঠন আরও পরিপাটি করা হয়। তার ধারণা, এতে রোনালদোর নাকের হাড় ভেঙে নতুনভাবে গঠিত হয়েছে।

এছাড়া রোনালদো আগেই জানিয়েছিলেন, দাঁতের সৌন্দর্য বাড়াতে অর্থোডন্টিক চিকিৎসা নিয়েছেন। ড. লেভিন মনে করেন, তিনি হয়তো উপরের মাড়িও কিছুটা কমিয়ে আনিয়েছেন, যাতে হাসলে দাঁতের সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে।

তবে রোনালদোর পক্ষ থেকে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তাই চূড়ান্ত সত্যতা নিয়ে সংশয় থাকলেও, তার চেহারার গঠন ও বয়সের সঙ্গে মিলিয়ে দেখা গেল—তরুণ চেহারার রহস্যে হয়তো কিছুটা চিকিৎসা বিজ্ঞানের ছোঁয়া রয়েছে।