জামালপুরে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

জামালপুরে পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. আসাদুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। এ সময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) সকালে জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসাদুল ইসলাম মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের মৃত আনার মিয়া পাগলার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পরে মেলান্দহ উপজেলার পাড়াগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর সদর ও মেলান্দহসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করতেন এবং মোটরসাইকেল চুরি করে পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতেন।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, “আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সে জেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মোটরসাইকেল চুরি করত এবং নিকটবর্তী জেলায় বিক্রি করত। তাঁরা সাধারণত কম দামের মোটরসাইকেল টার্গেট করত, কারণ এসব মোটরসাইকেলে ট্র্যাকিং সিস্টেম থাকে না এবং সহজেই বিক্রি করা যায়।”