কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ গরু ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গরু ব্যবসায়ী নুর মোহাম্মদ উলিপুর উপজেলা কামালখামার এলাকার জহুরুল হকের ছেলে। তিনি পৈত্রিক সূত্রে দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার ঘাট থেকে ২০-২৫ জন গরু ব্যবসায়ীকে নিয়ে একটি নৌকা সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজারের উদ্দেশে রওনা হয়। নৌকাটি নৌ পথে কাজিয়ার চর এলাকায় পৌঁছলে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় প্রস্রাব করতে বসেন। এ সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
ব্যবসায়ীর চাচা আরেক গরু ব্যবসায়ী মশিউর রহমান বলেন, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে গরু কেনার জন্য খেওয়ার চর হাটে যায়। তার ব্যবসায়ী অংশিদাররা তার কাছে গরু কেনার দুই লাখ ৭০ হাজার টাকা রাখেন। এ ছাড়াও তার সঙ্গে নিজস্ব কিছু টাকা ছিল। কিন্তু নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
নামাজের চর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খরস্রোত। আর যেখানে ঘটনা ঘটেছে এর গভীরতা অন্তত ২০ ফুট। ফলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।