পাকিস্তানকে দেড় মিলিয়ন পাউন্ড অর্থায়ন যুক্তরাজ্যের 

মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের জনগণের জন্য দেড় মিলিয়ন পাউন্ডের কাছাকাছি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, এ অর্থে খাদ্য ও চিকিৎসাসামগ্রী সরবরাহ, উদ্ধার কার্যক্রম, মোবাইল স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও সেচ ব্যবস্থার পুনর্গঠনসহ জীবিকা ও কৃষি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট বলেন, যুক্তরাজ্যের সহায়তা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছে দেওয়া শুরু হয়েছে। জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই এই উদ্যোগ।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, নতুন সহায়তা প্রকল্পের আওতায় পাঞ্জাব, গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সাতটি জেলায় দুই লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবককে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য প্রস্তুত করা হয়েছে।