ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশের প্রায় তিন মাস পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়েও কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। এর আগে চলতি বছরের ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি।
আয়োজকদের মতে, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সহজলভ্য করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিনামূল্যে ওষুধ পান, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, বিএমআই (উচ্চতা ও ওজন) পরিমাপ এবং রক্তের গ্রুপ নির্ধারণ করান। পাশাপাশি স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেন চিকিৎসকরা। এদিন সেবা প্রদান করেন ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মিতানূর রহমান।
সংস্থার বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকিয়া শারমিন বলেন, অতীতে নানা প্রতিবন্ধকতার কারণে সরাসরি কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে অন্য সংগঠনের মাধ্যমে সীমিতভাবে কাজ চলছিল। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পাসে কার্যক্রম শুরু করলাম এবং আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকতে চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি করতে যে কেউ ক্যাম্পাস ব্যবহার করতে পারবেন। তবে রাজনৈতিক নাম বা ব্যানারে কার্যক্রম না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কদমতলীতে মধ্যরাতে বহুতল ভবনে আগুন
ইমরান সুমাইয়ার প্রত্যাবর্তন