বাস থামিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই, সোলাইমান গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে টাকা লুটের ঘটনায় জড়িত মূলহোতা সোলাইমানকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। 

শুক্রবার (২২ আগস্ট) রাতে রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর টিকাটুলি থেকে কুমিল্লাগামী বাসে তোফায়েল আহম্মেদ (৫৫) নামে এক যাত্রী গাড়ি ও জমি বিক্রির ৩৫ লাখ টাকা নিয়ে রওনা হন। 

দাউদকান্দির শহীদনগর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস বাসটিকে থামিয়ে দেয়। এরপর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাসে উঠে তোফায়েলকে হাতকড়া পরায়, জোর করে নামিয়ে আনে এবং টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে দ্রুত ঢাকায় পালিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগী দাউদকান্দি থানায় মামলা করেন। ওই মামলায় আগে রাজধানীর বাড্ডা থেকে ইমরান হোসেন শাওন (২৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া তার জবানবন্দিতে সোলাইমানের নাম উঠে আসে।

গ্রেপ্তার সোলাইমান মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর এলাকার বাসিন্দা। তিনি দস্যুতার সময় ব্যবহৃত মাইক্রোবাসটি চালাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাবের দাবি, সোলাইমান ছাড়াও ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।