‘শহর চিনবে তার সত্যিকারের নায়ককে’

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে।

‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শিরোনামের এই সিনেমায় উঠে আসবে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প। 

ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। পরিচালক জানিয়েছেন, সিনেমাটিতে দর্শকরা পাবেন ভালোবাসা, অপরাধ জগতের গল্প, অ্যাকশন এবং আবেগের মিশেল।

পোস্টার প্রকাশের সময় পরিচালক, শাকিব খানসহ পুরো টিম সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তা শেয়ার করেন। মুহূর্তেই তা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পরিচালক আবু হায়াত মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন— ‌প্রথম ছবি সবসময় আলাদা আবেগের। হাজির হচ্ছে এক নতুন কাহিনি— প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।

অন্যদিকে শাকিব খান পোস্টার শেয়ার করে লিখেছেন, “শুরু হলো এক নতুন অধ্যায়, শহর চিনবে তার সত্যিকারের নায়ককে।”

পোস্টারে দেখা যায়, লালচে অন্ধকার আবহে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন এক চরিত্র, যার দুই হাতে পিস্তল উঁচু করে ধরা। চারপাশে ঢাকার বিভিন্ন এলাকার নাম— যেমন মোহাম্মাদপুর, উত্তরা, গাবতলী ও বাড্ডা। নিচে লেখা— “মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।”

প্রকাশের পর পোস্টারটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন— “এই সিনেমা ঢালিউডে নতুন মাইলফলক তৈরি করবে”, কেউ বা বলেছেন— “শাকিব মানেই চমক।”

শোনা যাচ্ছে, ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হতে পারে। নায়কের বিপরীতে থাকবেন তিনজন অভিনেত্রী, যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

চলচ্চিত্রটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্যে আছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত