জাকেরের ব্যাকআপ সোহান, 'সাইফের মতো বহুমুখী খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ'

আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ টি–টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে নির্বাচকরা। প্রায় তিন বছর পর ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে, একই সঙ্গে সুযোগ পেয়েছেন সাইফ হাসানও। তবে সাম্প্রতিক সময়ে দলে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

গতকাল দল ঘোষণার পর আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা দেন এই পরিবর্তনগুলোর।

নুরুল হাসানের প্রত্যাবর্তন

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছিলেন না নুরুল। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমে ৫০০ রান ছাড়ানো, নিউজিল্যান্ড ‘এ’-এর বিপক্ষে সেঞ্চুরি এবং সাম্প্রতিক টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে রান পাওয়ার পর অবশেষে তাকে ফিরিয়ে আনা হয়েছে। তবে মূলত জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবেই রাখা হয়েছে তাকে। গাজী আশরাফ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জ কিংবা পারফর্মার কিন্তু নেই। আমাদের আত্মবিশ্বাস এবং আস্থার যে জায়গাটা... তাঁর অ্যাপ্রোচ অব ক্রিকেট, প্যাটার্ন অব ক্রিকেট—বিশেষ করে পাঁচ কিংবা ছয়ের জায়গায় আমরা মনে করি সে আমাদের ভালো চয়েজ। জাকের আলী একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে...সেই ব্যাকআপের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা সেরা মনে করছি।’

নুরুল হাসান সোহান

সাইফ হাসানের সুযোগ

রংপুর রাইডার্স ও গ্লোবাল সুপার লিগে ভালো পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে জায়গা পেলেন সাইফ। সাম্প্রতিক টপ এন্ড টি–টোয়েন্টিতে ১২১ স্ট্রাইক রেটে ১৩২ রান করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করতে পারেন—এই বহুমুখীতাই তাকে দলে ফেরালো। প্রধান নির্বাচক বলেন, “তিন-চার নম্বরে খেলতে পারে, আবার ওপেনার হিসেবেও কাজে লাগতে পারে। পাশাপাশি এক-দুই ওভার বোলিংয়েরও ক্ষমতা আছে। এ ধরনের বহুমুখী খেলোয়াড় এখন দলের জন্য গুরুত্বপূর্ণ।”

সাইফ হাসান

নাঈম শেখ যে কারণে বাদ পড়লেন

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরলেও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ নাঈম। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি ম্যাচেও ব্যর্থ হন তিনি। ফলে আসন্ন সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওপেনার। গাজী আশরাফ বলেন, “নাঈম কঠোর পরিশ্রম করেছে, আমরা আশা করেছিলাম জায়গা ধরে রাখতে পারবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া সুযোগগুলোতে নিজেকে প্রমাণ করতে পারেনি। এখন তাকে আরও উন্নতি করে জায়গাটা ফিরে পেতে হবে।”

৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। তার আগে ৩০ আগস্ট সিলেটে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নেদারল্যান্ডস।