আপসহীন খালেদা জিয়া ছাড়া গণঅভ্যুত্থান হত না: ফরহাদ মজহার

ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী। তার সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হত না। শ‌নিবার (২৩ আগস্ট) দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিষয়ক আলোচনা সভায় এ কথা ব‌লেন তি‌নি।

ফরহাদ মজহার ব‌লেন, বেগম জিয়ার নামে মিথ্যা মামলা হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

তিনি ব‌লেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না ব‌লেও মন্তব‌্য ক‌রেন তিনি।

ফরহাদ মজহার ব‌লেন, তারা বিদেশ থেকে এসে জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সকল রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সকলের মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব‌্য রা‌খেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।