কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার তৃতীয় দিনের মাথায় আবারও বন্ধ করে দেওয়া হয়েছে বাঁধের সবকটি জলকপাট। এর আগে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছালে বুধবার (২০ আগস্ট) রাত আটটায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে পানির স্তর কমে আসায় শনিবার (২৩ আগস্ট) বিকাল পাঁচটায় সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজান থেকে পানির ঢল কমে আসায় এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনসহ সব বিষয় চিন্তা করে বাঁধের গেট বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.১৫ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। তবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তাই ধীরে ধীরে পানির স্তর আরও কমে আসবে।
প্রসঙ্গত, এর আগে প্রথম দফায় গত ৫ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় সবকটি গেট খুলে দেওয়া হয়। সেই সময় এক সপ্তাহের ব্যবধানে সাড়ে তিন ফুট পর্যন্ত গেট খোলা রাখার পর গত ১২ আগস্ট সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।