সরকারের ব্যর্থতার অভিযোগ, সাজেকে অবরোধ আরও জোরদারের ঘোষণা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

সাজেক সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে চলমান অবরোধ কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন পরিচালনা ও অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ১০১ সদস্যের ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক নীতিনির্ধারণী পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চলমান চতুর্থ দফার অবরোধের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাজেক সংকট সমাধানে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, সংকট নিরসনে সরকারের আন্তরিকতা নেই। সাজেকবাসীর ন্যায্য দাবি আদায়ে আন্দোলন আরও কঠোর ও জোরদার করার অঙ্গীকার করেন কমিটি ও অ্যাসোসিয়েশনের নেতারা।

সভায় বাবুধন চাকমাকে আহ্বায়ক এবং বিজয় কান্তি চাকমাকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়।

সভা থেকে জানানো হয়, জেএসএস সন্তু গ্রুপের সব সদস্যকে সাজেক থেকে প্রত্যাহারসহ গত ২৬ অক্টোবর উজোবাজারে অনুষ্ঠিত বৈঠকে সরকারি প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করা পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাজেকের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন কয়েক দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছে। সংকটের সমাধান না হওয়ায় এবার আন্দোলন আরও সংগঠিত ও জোরদার করতে নতুন এই গণকমিটি গঠন করা হয়েছে। গত ২২ অক্টোবর থেকে এই অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত