বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে সে ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়াতি মাসে নির্বাচন হবে। এটা নিয়ে এখন নানা রকম কথা হচ্ছে। একটা নতুন আবিষ্কার হয়েছে। তা কি? পিআর পদ্ধতি। আমি ফেইসবুকে দেখলাম, একজন আরেকজনকে জিজ্ঞাস করছেন, ভাই পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি হচ্ছে, ভোট দিবেন সন্দ্বীপে, আর প্রার্থীরা থাকবে মালদ্বীপে, এটার নাম পিআর পদ্ধতি।
শনিবার (২৩ আগস্ট) বিকালে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের মানুষ, যারা ভোট করে, ভোট দেয়। তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। যে লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারব কিনা। তার ঠিকানা ঠিক মতো আছে কিনা। এসব দেখে ভোট দেয়। যেটা ১৯৩৭ সালে চালু হয়েছে, এখনো চালু আছে। এটা কোনো ল্যাবে গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে। একজনকে ভোট দিবে। সেই ব্যক্তিকে চিনতে হবে এবং সেই ব্যক্তিকেই ভোট দিবে।’
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।
প্রধান অতিথি বিএনপি নেতা টুকু বলেন, পিআর, টিআর মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। এসব কন্ডিশন যারা দেয়, তারা কিন্তু মুখে সবার পরিচিত। আমরা ৪৭-এ তাদের চরিত্র দেখেছি, পাকিস্তানের বিরুদ্ধে করেছে। আবার পাকিস্তান হওয়ার পরে ১৯৫৬ সালে নির্বাচন দেওয়া হলো, মানুষ নির্বাচনে নেমে গেছে, লাহোরে ভায়েস্ট করে আইয়ুব খানের মার্শাল ল করার পথ সুগম করে দিলো। পাকিস্তানের গণতন্ত্রের হারিয়ে গেলো। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই, ৭১ এর মুক্তিযোদ্ধে আমরা স্বাধীন হয়েছি।
উল্লেখ্য, ‘দীর্ঘ ৯ বছর পরে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সম্মেলনে ১৫১৫ জন কাউন্সিলর রয়েছে।