ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস চাপায় নারী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাতনামা (৫০) এক পথচারী নারী নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ও ঘাতক সন্দেহে একটি বাস আটক করেছে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় ঢাকামুখী লেনে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক পথচারী বৃদ্ধা অজ্ঞাতনামাকে (৫০) চাপা দিলে ওই নারী গুরুতর আহত হয়। পুলিশ ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ শিবচর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে দূর্ঘটনার সাথে সাথেই পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পদ্মা সেতুর অপর প্রান্ত মুন্সিগঞ্জ এলাকা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটক করে হেফাজতে নিয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় সনাক্তের কাজ চলছে। ঘাতক সন্দেহে পদ্মা সেতুর অপর প্রান্তের ঢাকামুখী লেন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।