পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে জুনায়েত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত জুনায়েতের বাবার নাম ওবায়দুল খালাসী। তাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় জুনায়েত ও তার কয়েকজন বন্ধু।

এ সময় পুকুরের পাড় থেকে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় জুনায়েদ ও রিফাত। অন্য বন্ধুরা রিফাতকে উদ্ধার করতে পারলেও জুনায়েদকে খুঁজে পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় পানিতে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে জুনায়েদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পানিতে নামার সময় সে লাইফ জ্যাকেটটি পরেনি। পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেট পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-মমিন বলেন, শিশুটিকে সোয়া দুইটার দিকে এখানে আনা হয়। হাসপাতালে আনার পর তার পালস ও হার্টবিট পরীক্ষা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত