পাবনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে আরও একজন গুরুতর আহত হন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইসলামপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত পাভেল ওই গ্রামের মৃত মুসলেম উদ্দিন মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।

আহত ইমরানকে প্রাথমিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো বিরোধ এবং মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে পাভেল ও ইমরান মারাত্মকভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালসহ অন্তত নয়জনের নাম উঠে এসেছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জের বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।