সরকারের ১৮০ দিন পূর্তিতে নয়াপল্টনে যুবদলের শুভেচ্ছা মিছিল

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নটরডেম কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন।

সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে। তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎসহ গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম মওলা শাহীন বলেন, বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত