তরুণ গোলকিপারের বোকামির পরও আস্থা হারাচ্ছেন না গার্দিওলা

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মারাত্মক এক ভুল করে সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে হারে সিটি। বিরতির আগে দলের দ্বিতীয় গোল হজমের ঘটনায় মূল দায় ছিল ট্র্যাফোর্ডের। তবে কঠিন সময়ে তাকে আস্থা জুগিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

দীর্ঘদিন সিটির প্রথম পছন্দের গোলরক্ষক এদেরসন গত সপ্তাহে অসুস্থতার কারণে খেলতে পারেননি। টটেনহ্যামের বিপক্ষে তিনি ছিলেন বেঞ্চে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ডি-বক্সে চাপের মুখে জোরাল শটে ক্লিয়ার না করে সতীর্থকে আলতো পাস দেওয়ার চেষ্টা করেন ট্র্যাফোর্ড। কিন্তু সেই পাস কেটে নিয়ে টটেনহ্যামের রিচার্লিসন বল বাড়ান পলিনহাকে। তার জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচ শেষে জেমস ট্র্যাফোর্ডকে আগলে রেখে গার্দিওলা বলেন, ‘জেমস প্রথম ম্যাচে ভালো খেলেছিল। তাই তাকে একাদশে রাখার সিদ্ধান্ত নিই। গোলরক্ষক একটি বিশেষ পজিশন, ধারাবাহিক থাকতে হবে। মৌসুমে এত ম্যাচ খেলা হয় যে সবাই সুযোগ পাবে। অনেকে ভাবে শুরুর একাদশ মানেই মৌসুমজুড়ে একই থাকবে। আসলে বিষয়টা তা নয়। আজকের জন্য আমি জেমসকে বেছে নিয়েছিলাম।’