৪৫ মিনিট শেষে স্কোরবোর্ডে বার্সেলোনার নামের পাশে ০, প্রতিপক্ষ লেভান্তের পাশে ২। স্কোরবোর্ডই তখন যেন নিশ্চিত করেই দিচ্ছিল, ভ্যালেন্সিয়া থেকে খালি হাতে ফিরতে হবে কাতালানদের। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না, তারই এক দুর্লভ প্রমাণ হয়ে রইল হান্সি ফ্লিকের দল। গতকাল রাতে লা লিগার ম্যাচে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে লেভান্তেকে।
এর চেয়েও আশ্চর্যের বিষয়টি হলো, বার্সার জয় এসেছে যোগ করা সময়ে আত্মঘাতী গোলে—যা ক্লাবটির ইতিহাসেই নজিরবিহীন। পরিসংখ্যান বলছে, লা লিগায় এর আগে অ্যাওয়ে ম্যাচে বিরতিতে ০-২ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনা জিতেছিল মাত্র একবার, ১৯৬২ সালে রিয়াল বেতিসের বিপক্ষে। দীর্ঘ ৬৩ বছর পর আবারও সেই একই ব্যবধানে ফিরল জয়—তবে এবার প্রথমবারের মতো আত্মঘাতী গোলে।
ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় লেভান্তে। বিরতির আগমুহূর্তে আলেহান্দ্রো বালদের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে হোসে মোরালেস ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে বার্সেলোনা। ৪৯ মিনিটে লামিনে ইয়ামালের ব্যাক পাস থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গোল করেন পেদ্রি।
কিছুক্ষণ পর রাফিনহার কর্নার থেকে ভলিতে গোল করেন ফেরান তরেস। মাত্র দুই মিনিট ৩১ সেকেন্ডে সমতায় ফেরে কাতালানরা। শেষ মুহূর্তে নাটকীয়তার সমাপ্তি ঘটে আত্মঘাতী গোলে। ইনজুরি টাইমে ইয়ামালের উঁচু করে বাড়ানো বলে মাথা ছুঁইয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন লেভান্তের উনাই এলগেজাবাল। তাতেই ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
রেকর্ড গড়া গোলেও শিরোপা জিততে পারলেন না রোনালদো
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে ভারত, শেবাগের ভবিষ্যদ্বাণী
ঋতুপর্ণাদের সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস বাফুফের