মায়ের মৃত্যুর ১০ মিনিট পর ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। হাসপাতালে মায়ের মৃত্যুর মাত্র দশ মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছেলে। মা-ছেলের এ একসঙ্গে মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঘটনাটি ঘটে। মৃত্যুবরণ করেছেন পৌর শহরের বাগানপাড়ার বাসিন্দা মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) ও তার ছেলে সাইফুল ইসলাম (৪০)।

পরিবারের সদস্যরা জানান, বিকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান চায়না খাতুন। দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মায়ের মৃত্যুসংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল ইসলাম। কিন্তু মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসকরা চেষ্টা চালালেও বাঁচানো সম্ভব হয়নি।

অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে নেমে আসে নিস্তব্ধতা। পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে স্বজন-প্রতিবেশীর কান্নায় ভারী হয়ে ওঠে বাগানপাড়া।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা বলেন, “চায়না খাতুন মাথায় আঘাতজনিত কারণে মারা যান। এরপর তার মৃত্যুর সংবাদ শুনে ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুইজনের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র দশ মিনিট।”