হালদার তীরে বাঁধের দাবি ৫ শতাধিক পরিবারের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

বর্ষা এলেই চারপাশে পানি, নদীর স্রোত আর ভাঙনের শঙ্কা। কোথাও বসতভিটার কিনারায় এসে ঠেকেছে নদী, কোথাও পানি ঢোকার আতঙ্কে নির্ঘুম রাত কাটে মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় অনেকটা দ্বীপের মতো আটকে পড়েন বাসিন্দারা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের নদীপাড়ের পাঁচ শতাধিক পরিবারের জীবন এখন এমনই অনিশ্চয়তায়।

হালদা নদীর পানি বাড়লে বাড়ে তাদের দুশ্চিন্তা। নদীভাঙন আর প্লাবনের আশঙ্কায় বছরের পর বছর কাটছে দিন। বসতভিটা, কৃষিজমি, গবাদিপশু কিংবা সন্তানদের স্কুল-মাদরাসায় যাতায়াত—সবকিছুই যেন নির্ভর করছে নদীর পানির গতিপ্রকৃতির ওপর। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসীর দাবি, নদীর ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

গ্রামের ছিদ্দিক বাপের বাড়ি থেকে পূর্ব সিকদার বাড়ি হয়ে মালাকারপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় নদীপাড়ের জনপদটি বর্ষায় ঝুঁকির মুখে পড়ে। হালদার পানি বৃদ্ধি পেলে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। নদীভাঙনের ভয়ও তাড়া করে বেড়ায় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা মাওলানা ওসমান বলেন, “বর্ষা মৌসুম এলেই হালদার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক বাড়ে। পানিতে চলাচল করতে গিয়ে স্কুল-মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। অনেক সময় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে মানুষ বিপাকে পড়ে। বছরের পর বছর এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। আমরা চাই, দ্রæত টেকসই বাঁধ নির্মাণ করে আমাদের জনপদ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

স্থানীয় বাসিন্দা আরিফ সিকদার বলেন, “আমাদের এলাকার পাঁচ শতাধিক পরিবার নদীভাঙন ও প্লাবনের ঝুঁকিতে রয়েছে। বর্ষায় মনে হয়, আমরা যেন চারদিকে পানি দিয়ে বিচ্ছিন্ন একটি দ্বীপে আটকে আছি। বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা এখন বড় দুশ্চিন্তা। শুধু আশ্বাস নয়, দ্রুত বাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগ চাই। একটি শক্ত বাঁধ হলে আমাদের পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারবে।”

বারমাসিয়ার পূর্ব সিকদার বাড়ি, নোয়াপাড়া, ছিদ্দিক বাপের বাড়ি, নানুর বাপের বাড়ি, দাইয়াপাড়া, রুহুল আমিন মেম্বারের বাড়ি, একখুলিয়া, সুন্দরপুর ও মালাকারপাড়ার বাসিন্দাদের দাবি, দ্রুত বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি কমার পাশাপাশি নিরাপদ হবে তাদের বসবাস ও চলাচল।

এলাকাবাসীর দাবির সঙ্গে একমত পোষণ করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বাঁধ নির্মাণ জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কায়ছার উদ্দিনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা বারমাসিয়ার মানুষের প্রত্যাশা, পাঁচ কিলোমিটার এলাকায় একটি টেকসই বাঁধ নির্মিত হলে শুধু ভাঙন ও প্লাবনের ঝুঁকি কমবে না, নিরাপদ হবে শত শত পরিবারের বসতভিটা, কৃষিজমি ও স্বাভাবিক জীবনযাত্রাও। বছরের পর বছর নদীর পানির দিকে তাকিয়ে থাকা মানুষগুলো এখন অপেক্ষায়, কবে বাস্তবে রূপ নেবে তাদের নিরাপদ জনপদের স্বপ্ন।

সর্বশেষ সর্বাধিক পঠিত