ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ে ডি ব্রুইন-মদ্রিচের বিপরীতমুখী সূচনা

ইউরোপিয়ান ফুটবলের দুই মহাতারকা—কেভিন ডি ব্রুইন ও লুকা মদ্রিচ—এ মৌসুমে নতুন ক্লাবের জার্সিতে শুরু করলেন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। তবে যাত্রার শুরুটা হলো সম্পূর্ণ বিপরীতমুখী।

ম্যানচেস্টার সিটিতে এক দশক উজ্জ্বল সময় কাটিয়ে ৩৪ বছর বয়সে নাপোলিতে যোগ দিয়েছেন ডি ব্রুইন। সিরি আ’র অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন তিনি। সাসুয়োলোর মাঠে তাঁর নেওয়া ফ্রি কিক সরাসরি জালে গিয়ে নাপোলির ২-০ গোলের জয় নিশ্চিত করে। এর আগে দলের হয়ে প্রথম গোল করেছিলেন আরেক প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকা স্কট ম্যাকটমিনে। না

অন্যদিকে রিয়াল মাদ্রিদে অগণিত শিরোপা জয়ের পর ৩৯ বছর বয়সে এসি মিলানে পা রেখেছেন মদ্রিচ। সান সিরোতে তাঁর অভিষেক ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স ছিল প্রশংসনীয়—৭৬টি সফল পাস, তিনটি গোলের সুযোগ সৃষ্টি—তবুও মিলান হেরে বসে নবাগত ক্রেমোনেসের কাছে ২-১ ব্যবধানে। দুর্দান্ত সিজার কিকে গোল করে আলো কাড়েন বোনাজোলি, আর মদ্রিচের অভিষেক ঢাকা পড়ে যায় হতাশাজনক পরাজয়ের আড়ালে।